এই সপ্তাহে সংসদ
লোকসভায় নতুন দিল্লী আন্তর্জাতিক সালিশি কেন্দ্র বিল, ২০১৯ অনুমোদিত হয়েছে। এই বিলে নতুন দিল্লী আন্তর্জাতিক সালিশি কেন্দ্র গঠনের সংস্থান রাখা হয়েছে এবং একটি প্রধান সালিশি কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য এটিকে জাতীয় গুরুত্বের এক প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করা হয়েছে। বিতর্কে অংশ নিয়ে আইন মন্ত্রী রবি শংকর প্রসাদ বুধবার সংসদে বলেন যে, সরকার এই দেশকে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সালিশির এক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায়।
সংসদের উভয়কক্ষেই পাকিস্তানে তৈরি ও পাকিস্তান থেকে রফতানি করা সমস্ত পণ্যের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের বিষয়ে এক সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বহিঃশুল্ক আইনের প্রথম তফশিল বা তালিকার সংশোধনী অনুমোদিত হয়। এই বছরের ১৬ই ফেব্রুয়ারি থেকে পাকিস্তান থেকে আনা সমস্ত পণ্যের ওপর ২০০ শতাংশ বহিঃশুল্ক আরোপের বিষয়টি নতুন দিল্লী জারি করেছে। এই বিষয়ে প্রস্তাবটি পেশ করেছিলেন অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর।
অর্থ মন্ত্রী নির্মলা সীতারমন বলেছেন সরকার কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ। তিনি আরও বলেন যে, সরকার জনসাধারণের জন্য খরচ না কমিয়েই অর্থ ব্যবস্থাকে মজবুত করতে বদ্ধ পরিকর। ২০১৯-২০ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটের ওপর এক বিতর্কে অংশ নিয়ে লোকসভায় তিনি বলেন বাজেট বরাদ্দের প্রস্তাবগুলিও দেশের রূপান্তরণের লক্ষ্যেই রাখা হয়েছে। তিনি বলেন, অন্তর্বর্তী বাজেটে রাজকোষ ঘাটতির পরিমাণ ৩.৪ শতাংশ রাখা হয়েছিল এবং পূর্ণাঙ্গ বাজেটে সরকার তাও কমিয়ে ৩.৩ শতাংশে রাখার লক্ষ্যমাত্রা ধার্য করেছে।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষাণ রেড্ডী লোকসভায় বলেন যে, জম্মু ও কাশ্মীরে সীমান্ত পারের অনুপ্রবেশ ২০১৮ সালের তুলনায় ২০১৯ সালের প্রথমার্ধে ৪৩ শতাংশ হ্রাস পেয়েছে। রাজ্যে সন্ত্রাসবাদী কার্যকলাপের ঘটনাও ২৮ শতাংশ কমেছে এবং স্থানীয়স্তরে জঙ্গী হিসেবে নিয়োগও ৪০ শতাংশ কমেছে। প্রতিরক্ষা প্রতিমন্ত্রী রাজ্যসভায় জানান যে, ভারত-পাক সীমান্তে ২০১৯-এর জুন মাস পর্যন্ত ১২৯৯ টি অস্ত্র বিরতি চুক্তির লঙ্ঘন হয়েছে। গত বছরে এই সংখ্যা ছিল ১৬২৯টি।
আণবিক শক্তি ও মহাকাশ বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেন, গগনযান প্রকল্প সঠিক পথেই এগোচ্ছে এবং দেশের ৭৫ তম স্বাধীনতা দিবসে বা তার আগেই সেটি রূপায়িত হয়ে যাবে। এই যানের ডিজাইন ও রূপরেখা ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গিয়েছে। বাকি কিছুর পরীক্ষণ চলছে। রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়ে তিনি বলেন, বিভিন্ন প্রতিষ্ঠান ও শিল্প ক্ষেত্র থেকে সদস্য নিয়ে গগনযান জাতীয় পরামর্শ পর্ষদ গঠন করা হয়েছে।
ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা ও মোবাইল সংযোগ পাওয়ার জন্য পরিচয় পত্র হিসেবে আধার কার্ডের স্বেচ্ছামূলক ব্যবহারের বিষয়ে একটি বিল সংসদের অনুমোদন পেয়েছে। আইন মন্ত্রী রবি শংকর প্রসাদ বলেন যে সরকার একটি মজবুত তথ্য সুরক্ষা আইন খুব শীঘ্রই সংসদে আনতে চলেছে। তিনি বলেন সমগ্র বিশ্ব এখন ভারতের তথ্য সুরক্ষার জন্য গৃহীত পদক্ষেপের প্রতি আকৃষ্ট হচ্ছে। ভারত সবাইকে একসঙ্গে নিয়ে সংস্কার ও ক্ষমতায়নের দিশায় এগিয়ে চলা এক দেশ। আধার ও অন্য আইন (সংশোধনী) বিল, ২০১৯-এ কোনো ব্যক্তি যদি আধার তথ্যের সংস্থানগুলির লঙ্ঘন করে তবে তার জেল ও এক কোটি টাকার জরিমানার সংস্থান রাখা হয়েছে। এই বিলে গ্রাহকের তথ্য পেতে স্বেচ্ছামূলকভাবে আধার ব্যবহারের সংস্থানও রাখা হয়েছে।
সংসদের উভয় কক্ষেই কর্ণাটকের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কংগ্রেস সহ বিরোধীদলগুলির জোর হৈ-হট্টগোলের প্রেক্ষিতে বার বার সভা মুলতুবি করতে হয়। লোকসভায় অধীর রঞ্জন চৌধুরী BJP বিরুদ্ধে কর্ণাটকে কংগ্রেস – JD(S) সরকারকে ফেলে দিতে আগ্রাসনের রাজনীতি করার অভিযোগ তোলেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই অভিযোগ খারিজ করে দিয়ে বলেন কর্ণাটকের বর্তমান পরিস্থিতিতে কেন্দ্রের কোনো ভূমিকা নেই।
[মূল রচনা- মোহন রাও]
Comments
Post a Comment