এ সপ্তাহে সংসদ
এ সপ্তাহে সংসদের উভয় সভায় আলোচনার অন্যতম প্রধান বিষয় ছিল গুপ্তচর বৃত্তির অভিযোগে পাকিস্তানের কারাগারে বন্দী ভারতীয় নাগরিক কুলভূষণ যাদব প্রসঙ্গে আন্তর্জাতিক আদালত-ICJ’র দেওয়া রায়।
পররাষ্ট্রমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর, আন্তর্জাতিক আদালত-ICJ’র দেওয়া রায়ের প্রেক্ষিতে ভারতীয় নাগরিক কুলভূষণ যাদবকে অবিলম্বে মুক্তি দিয়ে তাঁকে স্বদেশে ফেরত পাঠাতে পাকিস্তানের কাছে দাবি জানিয়েছেন। সংসদের উভয় সভায় দেওয়া এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী জানান, ICJ’র দেওয়া রায় কুলভূষণ যাদব প্রসঙ্গে কেবল ভারতের অবস্থানই নয়, আইনের অনুশাসন ও আন্তর্জাতিক চুক্তিসমূহে বিশ্বাসী সকলের আস্থাও দৃঢ় করল। তিনি জোর দিয়ে বলেন, যাদব সম্পূর্ণ নির্দোষ ও তাঁকে আইনি সহায়তা নেবার সুযোগ না দিয়ে তাঁর মুখ থেকে জোর করে স্বীকারক্তি আদায় করা হয়েছে। ডঃ জয়শংকর বলেন, এই মামলায় ইসলামাবাদ, ভিয়েনা চুক্তির আওতায় কূটনৈতিক সুবিধা দান সংক্রান্ত যাবতীয় দায়দায়িত্বের অবমাননা করেছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আদালত আরও জানিয়েছেন, ইসলামাবাদের উচিত ছিল যাদবকে তাঁর অধিকার সম্পর্কে অবহিত করা ও তিনি যাতে স্বদেশের পক্ষ থেকে কূটনৈতিক সহায়তার সুযোগ পান তা সুনিশ্চিত করা।
জাতীয় তদন্ত সংস্থা-NIA(সংশোধনী) বিল, ২০১৯ টি রাজ্যসভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হবার মাধ্যমে এটি সংসদের উভয় সভার অনুমোদন পেল। এর আগেই বিলটি লোক সভার অনুমোদন পেয়েছিল। এই আইনে NIA’এর তদন্ত ক্ষেত্র বাড়িয়ে একে বিদেশে বসবাসকারী ভারতীয় ও বিদেশে অবস্থিত ভারতীয় সম্পত্তি বিষয়ক যে কোনও অপরাধের তদন্তের অধিকার দিতে চাওয়া হয়েছে। এ ছাড়াও এই আইন অনুযায়ী NIA মানব পাচার, জালনোট চক্র, নিষিদ্ধ অস্ত্রের উৎপাদন ও বিক্রি, সাইবার সন্ত্রাস, এবং ১৯০৮’এর বিস্ফোরক পদার্থ নিয়ন্ত্রণ আইনের আওতায় অপরাধের তদন্ত করতে পারবে ও এই সব অপরাধের বিচারের জন্য বিশেষ আদালতও গঠন করতে পারবে। এই বিল সংক্রান্ত আলোচনার পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা তাঁর জবাবি ভাষণে সদস্যদের আশ্বস্ত করে বলেন, এই সংস্থা, বিদেশে বসবাসকারী ভারতীয়দের বিরুদ্ধে ও দেশ বিরোধী যে কোনও অপরাধের মোকাবিলা করতে পারবে।
সংসদে ২০১৯’এর ‘নতুন দিল্লি আন্তর্জাতিক সালিশি কেন্দ্র’ বিলটিও পাশ হয়েছে। লোক সভায় অনুমোদিত হবার পর রাজ্যসভাতে ধ্বনিভোটে বিলটি গৃহীত হয়। এই বিল’এ প্রতিষ্ঠানগত সালিশির জন্য একটি স্বতন্ত্র ও স্বয়ংক্রিয় ব্যবস্থাপনা স্থাপনের সংস্থান রয়েছে।
২০১৯-২০২০ অর্থবর্ষের জন্য কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ব্যয় বরাদ্দের প্রস্তাব সম্বলিত ২০১৯’এর অর্থ বিলটি লোকসভায় পাশ হয়েছে। এই বিল’এ কর সংক্রান্ত আইনসমূহের সংশোধনী প্রস্তাবগুলির ব্যাখ্যা দিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেন, ভারত সরকারের মেক-ইন-ইন্ডিয়া ও স্টার্ট আপ কর্মসূচির আওতায় কাজকর্মকে উৎসাহ দিতেই এই সব সংশোধনীর প্রস্তাব রাখা হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং লোক সভায় সদস্যদের অবহিত করে বলেন, ভারত-চীন সীমান্তে শান্তি ও সুস্থিতি বজায় রাখতে দুটি দেশ আন্তরিক প্রয়াস নিয়েছে। এ মাসের ৬ তারিখে তিব্বতী আধ্যাত্মিক গুরু দলাই লামা’র জন্ম দিবসে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ডেমচক সেক্টরে চীনের অসামরিক মানুষের অনুপ্রবেশ ঘটেছে বলে জনৈক কংগ্রেস নেতার অভিযোগের প্রেক্ষিতে প্রতিরক্ষা মন্ত্রী সদস্যদের এই আশ্বাস দেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই রাজ্য সভায় এক লিখিত জবাবে বলেন, দেশে অবৈধ প্রবেশ প্রতিরোধে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া ছাড়াও কঠোর নজরদারি ব্যবস্থা রাখা হয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি মুরলিধরণ লোক সভায় সদস্যদের জানান, কেন্দ্রের ধারাবাহিক প্রয়াসের ফলে ২০১৪ থেকে পাকিস্তানের কারাগারে বন্দী মৎস্যজীবী সহ মোট ২,১১০ জন ভারতীয়ের মুক্তি আদায় করে তাঁদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
আর একটি প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভারত ২০২১-২০২২’এর জন্য রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে অস্থায়ী আসনটি লাভের জন্য তার প্রার্থীপদের দাবি জানিয়েছে। তিনি জানান, আসনটি এশিয়া-প্রশান্তমহাসাগরীয় অঞ্চলভুক্ত দেশগোষ্ঠীর জন্য বরাদ্দ একমাত্র আসন। শ্রী মুরলীধরণ সদস্যদের আরও জানান, আসনটি লাভের জন্য ভারতের প্রার্থীপদকে এ বছরের জুন মাসে ৫৫ সদস্য দেশের এশিয়া-প্রশান্তমহাসাগরীয় অঞ্চল গোষ্ঠী অনুমোদন দিয়েছে। তিনি বলেন, এই আসনটির জন্য সদস্য পদের নির্বাচন হবে ২০২০’র জুন মাসে নিউইয়র্কে। (মূল রচনাঃ- ভি মোহন রাও )
এই ছিল এ সপ্তাহের সংসদের মুখ্য আলোচ্য বিষয়।
Comments
Post a Comment