এই সপ্তাহে সংসদ

রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চন্দ্রযানন-২ এর সফল উৎক্ষেপনের জন্য ভারতীয় মহাকাশ গবেষণা সংগঠনকে অভিনন্দন জানিয়েছেন। শ্রী কোবিন্দ বলেন, এই ঐতিহাসিক উৎক্ষেপন সমস্ত ভারতবাসীর কাছে এক গর্বের মুহূর্ত এবং এই মিশন নতুন কিছু আবিস্কারের পথে এগোবে এবং জ্ঞান ভান্ডারকে আরও সমৃদ্ধ করবে। উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু বলেন চাঁদে চন্দ্রাযান-২-এর সফল অবতরণ ভারতকে এই কাজে বিশ্বের চতুর্থ দেশ হিসেবে সামনে আনবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর বার্তায় ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার বিজ্ঞানীদের কঠোর পরিশ্রম ও অঙ্গীকারের প্রশংসা করে বলেন যে ভারতীয় বিজ্ঞানীদের সক্ষমতা ও আত্মবিশ্বাসের এটি একটি প্রকৃষ্ট উদাহরণ।

পররাষ্ট্র মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেন যে ভারতের অবস্থান বরাবরের মতো একই আছে এবং পাকিস্তানের সঙ্গে সমস্ত বকেয়া বিষয়ের আলোচনা কেবলমাত্র দ্বিপাক্ষিক পর্যায়েই হবে। জম্মু ও কাশ্মীরের বিষয়ে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের দাবির বিষয়ে রাজ্য সভায় এক সংক্ষিপ্ত বিবৃতি প্রদান করে তিনি সভাকে আশ্বস্ত করে বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন রাষ্ট্রপতিকে মধ্যস্থতার কোনো অনুরোধ করেন নি। তিনি আবারও বলেন যে, ইসলামাবাদের সঙ্গে সমস্ত বকেয়া বিষয়ের আলোচনা কেবলমাত্র দ্বিপাক্ষিক পর্যায়েই হবে এবং এটিই নতুন দিল্লীর ধারাবাহিক অবস্থান। পাকিস্তানের সঙ্গে যে কোনো আলোচনার জন্য পাকিস্তানকে সীমান্ত পারের সন্ত্রাস বন্ধ করতে হবে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, শিমলা চুক্তি ও লাহোর ঘোষণাপত্রের ভিত্তিতেই দুই প্রতিবেশী দেশের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান হবে। কয়েকজন বিরোধী নেতা ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের ওপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিবৃতির দাবি জানান।

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন কাশ্মীর বিষয়ে কোনো ধরণের তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কোনো প্রশ্নই নেই কেননা তা শিমালা চুক্তির পরিপন্থী। লোকসভায় বিবৃতি দিয়ে শ্রী সিং বলেন যে পররাষ্ট্র মন্ত্রী এস জয়শংকর ইতিমধ্যেই সভায় বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়ে বলেছেন যে গত মাসে ওসাকায় মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠকে কাশ্মীর প্রসঙ্গ ওঠে নি। তিনি বলেন দুই নেতার মধ্যে বৈঠকের সময় পররাষ্ট্র মন্ত্রী ডক্টর এস জয়শংকর সেখানে উপস্থিত ছিলেন। প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন যে পাকিস্তানের সঙ্গে যখনই আলোচনা হবে তা শুধু কাশ্মীর নিয়ে নয় পাক্‌-অধীকৃত কাশ্মীর নিয়েও হবে।

কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধীদের ওয়াক-আউটের মধ্যেই লোকসভায় বে-আইনি কাজকর্ম (প্রতিরোধ) সংশোধনী বিল, ২০১৯ অনুমোদিত হয়। এক বিতর্কে অংশ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ্‌ বলেন, এর ফলে কোনো ব্যক্তি যদি কোনো সন্ত্রাসবাদী কাজকর্ম করে বা সেই কাজে জড়িত থাকে বা সন্ত্রাসবাদের প্রস্তুতি নেয় বা সন্ত্রাসবাদের প্রচার চালায় তবে সেই ব্যক্তিকেও সন্ত্রাসবাদী হিসেবে বিবেচনা করার ক্ষমতা সরকারের থাকবে। এই বিলটি জাতীয় তদন্ত সংস্থাকে তাদের তদন্তের সময় সম্পত্তি বাজেয়াপ্ত করার অনুমতি দেওয়ার ক্ষমতা প্রদান করবে।


যৌন হেনস্থা থেকে শিশুদের সুরক্ষিত রাখা সংক্রান্ত সংশোধনী বিল ২০১৯ রাজ্যসভায় অনুমোদিত হয়েছে। এই বিলে শিশুদের বিরুদ্ধে যৌন অপরাধ করলে মৃত্যুদন্ডের সংস্থান সহ শাস্তির পরিমান বাড়ানো হয়েছে। এই বিলের ওপর বিতর্কে অংশ নিয়ে মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী স্মৃতি জুবিন ইরানী বলেন, বকেয়া মামলার দ্রুত নিস্পত্তির জন্য সরকার ১০২৩টি ফাস্ট ট্র্যাক আদালতের অনুমোদন দিয়েছে।

লোকসভায় মুসলিম মহিলা (বিবাহের অধিকার সুরক্ষা), বিল, ২০১৯ যা তিন তালাক বিল হিসেবে জনপ্রিয় তা ধ্বনি ভোটে অনুমোদিত হয়। আইন মন্ত্রী রবি শংকর প্রসাদ বলেন, ২০১৭ সালে এই বিষয়ে সুপ্রীম কোর্টের রায় ঘোষণার পরেও তিন তালাক প্রথা অব্যাহত থাকায় এই প্রথাকে নিষিদ্ধ করার বিল আনা গুরুত্বপূর্ণ ছিল। তিনি বলেন, দেশের বিভিন্ন প্রান্তে এই প্রথা এখনও অব্যাহত রয়েছে। কয়েকশ এই ধরণের ঘটনার খবর পাওয়া গিয়েছে। তিনি স্পষ্ট করে জানান যে এই বিলটি কোনো সম্প্রদায় বা ধর্মের বিরুদ্ধে নয়। শ্রী প্রসাদ বলেন, এই বিলটি মুসলিম মহিলাদের ন্যায় বিচার, সমতা ও মর্যাদা প্রদানের উদ্দেশ্যে আনা হয়েছে। তিনি জানান এই প্রথা বহু দেশে নিষিদ্ধ।

[মূল রচনা- ভি মোহন রাও]


Comments

Popular posts from this blog

পাকিস্তানে সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় আমেরিকার উদ্বেগ

ভারতীয় অর্থনীতি পুনরয়জ্জীবনের দিশায়

হাফিজের বিরুদ্ধে অভিযোগ গঠন – প্রহসন না বাস্তব?