কমোরোস এবং সিয়েরা লিয়নের সঙ্গে ভারতের গভীরতর সম্পর্ক

ভারতের উপরাষ্ট্রপতি শ্রী এম ভেংকাইয়া নাইডু আফ্রিকী উপমহাদেশের সঙ্গে সম্পর্ক গভীরতর করার লক্ষ্যে কমোরোস এবং সিয়েরা লিয়নে সফর করেন। সামুদ্রিক প্রতিবেশী হিসেবে ভারত কমোরোসের জনগণের সঙ্গে তাদের প্রগতির অভিজ্ঞতা ভাগ করে নিতে প্রস্তুত। ভারত কমোরোসের বিশিষ্ট উন্নয়নী অংশীদার হবার আগ্রহ প্রকাশ করেছে। 

উপরাষ্ট্রপতি নাইডু রাষ্ট্রপতি আজালি আসৌমণির সঙ্গে বৈঠক করেন। দুই নেতা বিভিন্ন সুযোগ সুবিধার সম্ভাবনা নিয়ে কথা বলেন। তাঁরা স্বাস্থ্য, নবীকরণযোগ্য জ্বালানী শক্তি, তথ্য প্রযুক্তি এবং সামুদ্রিক নিরাপত্তা সহ অন্যান্য বিষয়ে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন। 

প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে একটি সমঝোতা স্মারক পত্র স্বাক্ষরিত হয়েছে। স্বাস্থ্য এবং সংস্কৃতির বিষয়ে একাধিক চুক্তি সম্পাদিত হয়েছে। ভারত এবং কোমোরস সরকারী পাসপোর্ট ধারকদের স্বল্পকালীণ সফরের জন্য ভিসার প্রয়োজনীয়তা তুলে দেবার সিদ্ধান্ত নিয়েছে। 

মোরোনিতে ১৮ মেগাওয়াটের একটি বিদ্যুৎ প্রকল্প স্থাপনের জন্য ভারত ৪১.৬ মিলিয়ন ডলার ঋণ দেবার সিদ্ধান্ত নিয়েছে এবং একটি ভকেশনাল প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের প্রস্তাব দিয়েছে। 

ভারত ১ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের ওষুধ পত্র, ১০০০ মেট্রিক টন চাল, ২ মিলিয়ন মূল্যের টহলদারী নৌকো সে দেশকে উপহার দেবে। উভয় দেশ টেলি-শিক্ষা এবং টেলি-মেডিসিনের বিষয়ে ই-বিদ্যা ভারতী এবং ই-আরোগ্য ভারতীর বিষয়ে রাজী হয়েছে। 

বহুপাক্ষিকভাবে বিশ্ব সম্প্রদায় যে সব গুরুত্বপূর্ণ বিষয়ে চ্যালেঞ্জের সম্মুখিন তাতে ভারত এবং কমোরোসের দৃষ্টিভঙ্গীতে অভিন্নতা রয়েছে এবং তারা বিভিন্ন বহুপাক্ষিক মঞ্চে পরস্পরকে সমর্থন করে থাকে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে অভিন্ন লড়াইয়ে সমর্থন জানানোর জন্য ভারত কমোরোসকে ধন্যবাদ জানিয়েছে। তাছাড়া রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদের জন্য ভারতের প্রতি সমর্থন জানানোর জন্যও তাদের ধন্যবাদ জানানো হয়েছে। 

ভারত আবার জোর দিয়ে বলেছে যে কমোরসের বিকাশ ও উন্নয়নে তারা সব রকমভাবে সহায়তা দিতে প্রস্তুত।

শ্রী ভেংকাইয়া নাইডু তাঁর দুদেশীয় সফরের দ্বিতীয় পর্যায়ে সিয়েরা লিয়ন যাত্রা করেন। ভারত থেকে সিয়েরা লিয়নে সর্বোচ্চ স্তরে এটাই ছিল প্রথম সফর। অভিন্ন মূল্যবোধের ভিত্তিতে উভয় দেশের মধ্যে ঘনিষ্ট সম্পর্ক গড়ে উঠেছে। দীর্ঘ বছর থেকে পারস্পরিক বিশ্বাস, সম্মান এবং বোঝাপড়ার নীতির ভিত্তিতে এই সম্পর্ক প্রগাঢ়তর হয়েছে। 

গণতন্ত্র মজবুত হওয়ায় ভারত সিয়েরা লিয়নকে অভিনন্দন জানিয়েছে। সেদেশের পাঁচটি শান্তিপূর্ণ নির্বাচন এবং তিনবার নির্বিঘ্নে ক্ষমতা হস্তান্তর থেকেই এটি প্রমাণিত হয়। গত বছর সিয়েরা লিয়নের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় শ্রী নাইডু রাষ্ট্রপতি বায়োকে অভিনন্দন জানান। 

ভারত ইতিমধ্যেই সিয়েরা লিয়নের সঙ্গে সম্পর্ক আরো মজবুত করে তুলেছে। নতুন দিল্লী সিয়েরা লিয়নে শান্তি ও স্থিতিশীলতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সিয়েরা লিয়নে রাষ্ট্রসংঘ মিশনে ভারত প্রথম শান্তি সেনা সেনা পাঠায়।

ভারতীয় উপরাষ্ট্রপতি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয়ে রাষ্ট্রপতি জুলিয়াস মাদা বায়োর সঙ্গে আলোচনা করেন। উভয় নেতা দুটি দেশের স্থায়ী বন্ধুত্বের সম্পর্ককে আরো এগিয়ে নিয়ে যাবার সংকল্প ব্যক্ত করেন। 

উভয় দেশ কৃষি, খাদ্য প্রক্রিয়াকরণ, তথ্য প্রযুক্তি, পরিকাঠামো উন্নয়ন এবং ক্ষমতা নির্মাণের মত ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে একমত হয়। নতুন দিল্লী ভারতীয় কোম্পানীগুলিকে সে দেশে তাঁদের উপস্থিতি বৃদ্ধি করতে উৎসাহিত করবে। 

ভারত সিয়েরা লিয়নের উন্নয়নী যাত্রায় বিশ্বস্ত অংশীদার হবার বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছে। সিয়েরা লিয়নের বিভিন্ন ক্ষেত্রে ভারত এপর্যন্ত ২১৭.৫ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিয়েছে। একাধিক সমঝোতা স্মারক পত্র এবং চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 

ভারতের সর্ব-আফ্রিকী টেলি শিক্ষা ও টেলি মেডিসিন প্রয়াস ই-বিদ্যাভারতী এবং ই-আরোগ্য ভারতীতে অংশ গ্রহণ করতে সিয়েরা লিয়নের পক্ষে একটি সমঝোতা স্মারক পত্র স্বাক্ষরিত হয়েছে। ভারত খুব শীঘ্রই সিয়েরা লিয়নে তথ্য প্রযুক্তিতে উৎকর্ষ কেন্দ্র স্থাপনের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে। ভারত আগামী কয়েক মাসে সদিচ্ছার মনোভাব প্রকাশ করে সিয়েরা লিয়নে ১০০০ মেট্রিক টন চাল পাঠাবে। (মূল রচনাঃ পদম সিং)

Comments