ভারত-প্রশান্ত মহাসাগরীয় ট্র্যাক ১.৫ আলোচনা
নতুন দিল্লি অবাধ এবং মুক্ত ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভূরাজনৈতিক গুরুত্বের প্রেক্ষিতে দুটি ট্র্যাক ১.৫ আলোচনা - ষষ্ঠ ভারত মহাসগরীয় আলোচনা এবং একাদশ দিল্লি আলোচনার আয়োজন করেছিল। ২০১৯ জুনে আসিয়ান আলোচনা এবং জুন ২০১৮’য় সাংগ্রিলা আলোচনার প্রেক্ষিতে একটি অবাধ, মুক্ত, নীতি ভিত্তিক এবং সর্বাত্মক ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ধারণার বিষয়ে আলোচনার লক্ষ্যেই এই আয়োজন করা হয়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রী ডঃ এস জয় শঙ্কর জানান, ভারতের ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ধারণার মধ্যে রয়েছে, উপসাগরীয় অঞ্চল এবং আফ্রিকার দেশ সমূহ সহ সমগ্র পশ্চিম সমুদ্রাঞ্চল এবং পশ্চিম ভারত মহাসাগরীয় ক্ষেত্র সহ বিস্তীর্ণ অঞ্চল। সংশ্লিষ্ট অঞ্চলের দেশগুলির ইন্দো-প্রশান্ত মহাগরীয় অঞ্চল সম্পর্কে নিজস্ব ধারণা থাকলেও এই আলোচনায় সংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতার ক্ষেত্রগুলিকে চিহ্নিত করার প্রয়াস নেওয়া হয়। সমুদ্র নিরাপত্তা সহ সামুদ্রিক পরিবেশ, বিপর্যয় মোকাবিলা এবং সামুদ্রিক সম্পদের যথাযথ ব্যবহার সম্পর্কে একযোগে কাজ করার লক্ষ্যে একটি সহযোগিতামূলক মঞ্চ গড়ে তোলা এর মূল উদ্দেশ্য।
এছাড়াও আসিয়ানে গৃহীত পরিকল্পনা অনুযায়ী একটি দীর্ঘস্থায়ী পরিকাঠামো এবং আঞ্চলিক সংযোগ ব্যবস্থা গড়ে তোলার সিদ্ধান্ত সংশ্লিষ্ট দেশগুলির মধ্যে সহযগিতার ক্ষেত্রটি আরো প্রসারিত করবে। দিল্লি আলোচনায় ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পরিকাঠামো বিকাশ এবং শিল্প বিপ্লব ৪.০ সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর জোর দেওয়া হয়।
ভারত মহাসাগরীয় রিম অ্যাসোসিয়েশনের মহাসচিব ডঃ নমভুয়ো নকওয়ে, IORA, ASEAN এবং BIMSTEC’এর মতো বিভিন্ন আঞ্চলিক মঞ্চের সম্ভবনাগুলির ব্যবহারের সপক্ষে সওয়াল করেন।
ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বিভিন্ন শক্তিগুলির মধ্যে ক্রমবর্ধমান দ্বন্দ্ব এবং বহুপাক্ষিকতাবাদের ওপর আস্থা হ্রাসের প্রেক্ষিতে ইন্দোনেশিয়ার বিদেশমন্ত্রী রেত্নো এল পি মারসুদি এই ক্ষেত্রের বিষয়ে আসিয়ান আলোচনার সদর্থক গুরুত্বের ওপর আলোকপাত করেন।
আলোচনা থেকে এটা স্পষ্ট, বর্তমান পরিস্থিতিতে সংশ্লিষ্ট অঞ্চলে বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারত-আসিয়ান সমুদ্রাঞ্চল অর্থনৈতিক সহযোগিতা প্রয়োজন রয়েছে। ইন্দোনেশিয়া ২০২০তে নির্ধারিত ভারত-প্রশান্ত মহাসাগরীয় পরিকাঠামো এবং সংযোগ বিষয়ক মঞ্চে যোগদানের জন্য ভারতকে আহ্বান জানিয়েছে।
IORA এবং ASIAN সহযোগী দেশগুলির সঙ্গে এই ১.৫ ট্রাক আলোচনার মধ্য দিয়ে সংশ্লিষ্ট দেশগুলির জন্য সমতাপূর্ণ, অবাধ এবং নীতি ভিত্তিক ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ধারণা বাস্তবায়িত করার পথে আরো অগ্রসর হওয়া সম্ভব হল।
(মূল রচনাঃ তিতলি বসু)
Comments
Post a Comment