সুইডেনের রাজকীয় দম্পতির ভারত সফর

সুইডেনের রাজকীয় দম্পতি- রাজা কার্ল ষোড়শ গুস্তাফ ও রানী সিলভিয়া পাঁচ দিনের সরকারী সফরে ভারত ভ্রমণ করে গেলেন। সুইডেনের রাজকীয় দম্পতির সঙ্গে এসেছিলেন সে দেশের বিদেশ মন্ত্রী আন লিন্ডে এবং বাণিজ্য মন্ত্রী ইব্রাহিম বাভলান ছাড়াও বিভিন্ন কোম্পানী ও স্টার্ট-আপ সংস্থার প্রায় ৫০ জন প্রতিনিধি। এর আগেও সুইডেনের রাজা দুবার ভারত সফর করে গেছেন, ১৯৯৩ ও ২০০৫ সালে। উল্লেখ করা যেতে পারে, ২০১৫ সালে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সুইডেন সফরের পর এই নিয়ে দুটি দেশের মধ্যে মোট চারবার রাজনৈতিক পর্যায়ে উচ্চ স্তরীয় সফর বিনিময় হল। এই ভাবে রাজনৈতিক মর্যায়ে নিয়মিত আদানপ্রদানের ফলে ভারত ও সুইডেনের মধ্যে সম্পর্ক এক নতুন উচ্চতায় উন্নীত হয়েছে। 

রাজা গুস্তাফ, তাঁর এই সফরে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে অতি গুরুত্বপূর্ণ এক বৈঠকে মিলিত হন। তাঁরা যৌথভাবে ভারত-সুইডেন উদ্ভাবন নীতি বিষয়ক উচ্চ স্তরীয় বার্তালাপের সূচনা করেন। এই বার্তালাপে অংশগ্রহণকারী প্রতিনিধিরা জলবায়ু পরিবর্তনের প্রতিকূল প্রভাব নিয়ন্ত্রণ ও ধারাবাহক উন্নয়নের পথে বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলার লক্ষ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখেন। সুইডেনের রাজা আমাদের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গেও আলোচনা করেন। এর পর দুটি দেশের মধ্যে তিনটি সমঝোতা স্মারকপত্র-MOU স্বাক্ষর করা হয়। প্রথম MOU স্বাক্ষর করা হয় সুইডেনের তেজঃশক্তি সংস্থা ও ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের মধ্যে সহযোগিতা বিষয়ক;দ্বিতীয়টি সুইডেনের শিক্ষা ও গবেষণা বিভাগের সঙ্গে ভারতের ভূ-বিজ্ঞান মন্ত্রকের মেরু বিজ্ঞান বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা সংক্রান্ত ও তৃতীয়টি সমুদ্র নিরাপত্তা বিষয়ক সহযোগিতার। এ ছাড়াও ভারত-সুইডেন যৌথ নেটওয়ার্কের আওতায় ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ ও সুইডিশ গবেষণা পরিষদ কম্পিউটার বিজ্ঞান ক্ষেত্রে গবেষণার লক্ষ্যে ২০ টি দ্বিপাক্ষিক প্রকল্পে অর্থসহায়তা দেবে। 

সুইডেনের KTH রয়্যাল ইন্সটিটিউট অফ টেকনলজি ও IIT Madras’এর মধ্যে উদ্ভাবন ও শিল্পোদ্যোগ ক্ষেত্রে যৌথ উৎকর্ষ কেন্দ্র গড়ে তোলা হবে। 

পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর সুডেনের রাজকীয় দম্পতির সঙ্গে দেখা করেন ও দ্বিপাক্ষিক সম্পর্ক অধিক মজবুত করার পন্থা পদ্ধতি নিয়ে আলোচনা করেন। সুইডেনের রাজা, কার্বন নির্গমন ও দূষণ নিয়ন্ত্রণের লক্ষ্যে দ্বিপাক্ষিক আলোচনার সময় ভারত সরকারের প্রধান বিজ্ঞান উপদেষ্টা প্রফেসর কে বিজয় রাঘবনের সঙ্গে কথা বলেন। সুইডিশ রাজকীয় দম্পতি স্বদেশ রওনা হবার আগে উত্তরাখণ্ড ও মুম্বাই সফর করেন। 

ভারত ও সুইডেনের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা এক মজবুত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। ভারত হল সুইডেনের ১৯ তম সর্ববৃহৎ রপ্তানি বাজার এবং তৃতীয় সর্ববৃহৎ বাণিজ্যিক অংশীদার দেশ। দিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ২০০৯-১০’এ ছিল ২০০ কোটি মার্কিন ডলার; যা ২০১৪-১৫’তে বেড়ে হয়েছে ২৪০ কোটি মার্কিন ডলারের মত। ২০১৯-২০’তে এই লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ৫০০ কোটি মার্কিন ডলারের মত। ভারতে সুইডেনের বিনিয়োগের পরিমাণও ক্রমশ বাড়ছে। সে দেশের যে সব উৎপাদন সংস্থা ভারতে ব্যবসা করছে সেগুলির মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য হল- এরিকসন, WIMCO, SKF, Atlas Cofco, Sandvik, Alfa Laval,Volvo, ও Astra Zeneca। ভারতেরও ৭০ টির মত কোম্পানী সুইডেনে ব্যবসা করছে। 

ভারত ও সুইডেনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের বুনিয়াদ হল এক অভিন্ন গণতান্ত্রিক আদর্শ। দুটি দেশ পারস্পরিক সহযোগিতার আদর্শের প্রতি অঙ্গীকারবদ্ধ। বিগত কয়েক বছরে দুটি দেশের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এখন প্রয়োজন হল দ্বিপাক্ষিক বাণিজ্যে বৃদ্ধি এবং এর সঙ্গে মহাকাশ প্রযুক্তি, দক্ষতা উন্নয়ন, সাইবার নিরাপত্তা, ডিজিটাল সহযোগিতা, কৃষি, জৈব জ্বালানীর মত দ্বিপাক্ষিক সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র চিহ্নিত করা। 

সুইডেনের রাজকীয় দম্পতি- রাজা কার্ল ষোড়শ গুস্তাফ ও রানী সিলভিয়ার সদ্য সম্পন্ন পাঁচ দিনের ভারত সফরে, যৌথ কর্মপরিকল্পনা, উদ্ভাবন অংশীদারিত্ব ও বিভিন্ন গুরুত্বপুর্ণ চুক্তির আওতায় দ্বিপাক্ষিক সম্পর্ক ক্রমাগত অধিক শক্তিশালী হয়ে ওঠার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। (মূল রচনাঃ- সংঘমিত্রা শর্মা)

Comments

Popular posts from this blog

পাকিস্তানে সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় আমেরিকার উদ্বেগ

ভারতীয় অর্থনীতি পুনরয়জ্জীবনের দিশায়

হাফিজের বিরুদ্ধে অভিযোগ গঠন – প্রহসন না বাস্তব?