ওমানঃ একটি যুগের পরিসমাপ্তি

ওমানের শাসক সুলতান কাবুস আল সঈদ গত ১০ই জানুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর মৃত্যুর সঙ্গে সঙ্গেই একটি যুগের অবসান ঘটল। সুলতান কাবুস ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব এবং সুশাসক। ৭৯ বছর বয়সী সুলতান, ওমানে স্থিতিশীলতা বজায় রাখতে এবং স্বতন্ত্র বিদেশ নীতি গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এছাড়া, সৌদি আরব ও ইরানের মধ্যে ভারসাম্য বজায় রাখার বিষয়েও কাবুসের বিশেষ ভূমিকা ছিল। কাবুস ধোফার বিদ্রোহ দমন এবং দাস প্রথার অবসান ঘটিয়ে ওমানকে আধুনিকতার পথে অগ্রসর করতে সক্ষম হন। তিনি ১৯৯৬ সালে প্রথম লিখিত সংবিধান উপস্থাপন করেন এবং রাজনীতি, ব্যবসা ও ক্রীড়া ক্ষেত্রে মহিলাদের অন্তর্ভুক্ত করে মহিলা ক্ষমতায়নে উৎসাহ প্রদান করেন। আধুনিক ওমানের জনক হিসেবে খ্যাত সুলতান ২০১৫ সালে ইরান পরমাণু চুক্তি এবং ইয়েমেনের যুদ্ধরত দলগুলিকে একত্রিত করতে মধ্যস্থতাকারির ভূমিকা পালন করেন।

কাবুসের মৃত্যুর পর স্বাভাবিক উত্তরাধিকারের অভাবে ওমানের পরবর্তী শাসক নির্বাচনে অনিশ্চয়তার সৃষ্টি হলেও শেষ পর্যন্ত কাবুসের খুড়তুতো ভাই হেইথাম বিন তারিক আল সঈদকে তাঁর স্থলাভিষিক্ত করা হল। হেইথাম বিন তারিক আল সঈদ, ওমানের সংস্কৃতি ও ঐতিহ্য বিষয়ক মন্ত্রী ছিলেন। কাবুস, ওমানের প্রধানমন্ত্রীর পদ ছাড়াও এককভাবে প্রতিরক্ষা, অর্থ ও বিদেশ মন্ত্রক এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের দায়িত্বভার পালন করেছেন। হেইথাম বিন তারিকের পক্ষ্যে এই গুরুদায়িত্ব পালন সহজ হবে না। নব নির্বাচিত এই শাসককে দেশের আর্থিক পরিস্থিতি, বেকারত্বের সমস্যা এবং নিরপেক্ষ বৈদেশিক নীতি বজায় রাখার বিষয়ে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। ওমানের সুলতান হিসেবে শপথ গ্রহণ করে হেইথাম বিন তারিক আশ্বস্ত করে বলেছেন, তাঁর পূর্বসূরির মতই তিনি অন্যান্য রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবেন এবং দেশকে আরও এগিয়ে নিয়ে যাবেন।

মাস্কটে, কাবুস বিন সঈদের মৃত্যুতে তিনদিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে এবং আগামী ৪০ দিন দেশের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইরান, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমীরশাহী, তুরস্ক, জর্ডন, মিশর এবং বাহরিন কাবুসের মৃত্যুতে শোক প্রকাশ করেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ওমানের সুলতানের মৃত্যুতে শোক ব্যক্ত করে বলেছেন, সুলতান কাবুস ছিলেন সংশ্লিষ্ট অঞ্চল এবং সমগ্র বিশ্বের কাছে শান্তির প্রতিনিধি। তিনি আরও বলেন, কাবুস ছিলেন ভারতের প্রকৃত বন্ধু। ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ, সুলতান কাবুসকে ভারতের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে আখ্যা দিয়ে বলেছেন, বিশ্ব এক মহান নেতা ও রাষ্ট্রনায়ককে হারালো। কোবিন্দ বলেন, কাবুস, বিশ্বে শান্তি স্থাপনে নিরলসভাবে কাজ করে গেছেন। ভারত, সুলতান কাবুস বিন আল সঈদের মৃত্যুতে গতকাল রাষ্ট্রীয় শোক পালন করেছে এবং ভারতের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছিল। সুলতান কাবুসকে শেষ শ্রদ্ধা জানাতে ভারতের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নকবি ভারতীয় প্রতিনিধি হিসেবে মাস্কটে উপস্থিত থাকবেন।

সুলতান কাবুসকে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত ও ওমানের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব মজবুত করতে কাবুসের শক্তিশালী নেতৃত্বের উল্লেখ করেন। শ্রী মোদী নব নির্বাচিত সুলতান হেইথাম বিন তারিককে অভিনন্দন জানিয়ে বলেন, ভারত, দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে সুলতান হেইথামের সঙ্গে কাজ করতে আগ্রহী। ভারত ও ওমানের মধ্যে কৌশলগত ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ওমানে বসবাসকারী ভারতীয়রা সে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান যুগিয়ে চলেছে। নতুন সুলতানের শাসনকালেও ভারত ওমানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী।

(মূল রচনাঃ ডঃ লক্ষ্মী প্রিয়া )

Comments

Popular posts from this blog

পাকিস্তানে সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় আমেরিকার উদ্বেগ

ভারতীয় অর্থনীতি পুনরয়জ্জীবনের দিশায়

হাফিজের বিরুদ্ধে অভিযোগ গঠন – প্রহসন না বাস্তব?